১৭ আইআইজি-কে ৪৫ লাখ টাকা জরিমানা করেছে বিটিআরসি
লাইসেন্সিং নীতিমালা যথাযথ ভাবে মেনে না চলা এবং বিধি বহির্ভূত কার্যক্রমের জন্য দেশের ১৭টি ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) অপারেটকে ৪৫ লাখ টাকার জরিমানা এবং আরো ১০টি প্রতিষ্ঠানকে সতর্ক করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন। আন্ডার ইনভয়েসিং, ত্রৈমাসিক রাজস্ব ডেটা শেয়ার না করা, সময়মতো বার্ষিক লাইসেন্সিং ফি প্রদান থেকে বিরত থকা, আর্থিক নিরীক্ষা সম্পন্ন না করা, কমিশনের অনুমতি ছাড়া ঠিকানা পরিবর্তন এবং পূর্বানুমতি ছাড়া শেয়ার কাঠামো পরিবর্তনসহ বেশ কিছু কারণে প্রতিষ্ঠানগুলোকে এই জরিমানা করা হয়েছে।
কমিশনের ২৭৫তম সভার সিদ্ধান্তক্রমে এরই মধ্যে জরিমানা আদায়ে মাঠে নেমেছে কশিনের রাজস্ব বিভাগ। এই সিদ্ধান্তের কথা ডিজিবাংলা-কে নিশ্চিত করেছেন বিটিআরসি’র পরিচালক এম এ তালেব হোসেন।
সূত্রমতে, নিবন্ধিত ৩৪টি আইআইজি প্রতিষ্ঠানে সরেজমিন পরিদর্শনের পর ২৭টি প্রতিষ্ঠানকে নিয়ে করা প্রতিবদন অনুযায়ী এই জরিমানা ও সতর্ক বার্তা দেয়া হয়েছে। সর্বোচ্চ ৫ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে ম্যাংগো টেলিসার্ভিস, আইটেল লিমিটেড, ফাইবার অ্যাট হোম গ্লোবাল ও অ্যাপেল কমিউনিকেশন লিঃ-কে ।
আর ন্যুনতম জরিমানা ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে রিগো কমিউনিকেশনস লিঃ ও ইন্ট্রা গ্লোবাল কমিউনিকেশন লিঃ-কে। আর শুধুমাত্র করোনেট করপোরেশন লিমিটেড পরিদর্শন করে প্রতিবেদন দাখিল করার কথা বলা হয়েছে কমিশন বৈঠকে। এছাড়াও সতর্ক করা হয়েছে নভোকম, ইক্যুইটেল, এডিএন, এক্সাবাইট, সাইবারগেট, আমরা টেকনোলজিস, প্লানেট ইন্টারনেট, রেডিয়েন্ট ও বিডিহাব-কে।







